বজ্রপাতে তিন জেলায় ৮ জনের মৃত্যু

 নিজস্ব সংবাদদাতা

 


দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার কালবৈশাখি ঝড় ও বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারী ও এক কলেজ শিক্ষকসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে পাঁচজন, ময়মনসিংহে দুই এবং বগুড়ার আদমদীঘিতে একজন মারা গেছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলায় বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় আম কুড়াতে গিয়ে মারা গেছেন তিনজন। 

তারা হলেন— চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার (৩৫), রানীবাড়ি-বাজারপাড়ার সাদিয়া খাতুন (১০) এবং মোবারকপুর শিকারপুর দক্ষিণপাড়ার মো. মেসবাউল (১৬)। 


শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, বৃষ্টির সময় বাড়ির পাশের আম বাগানে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।


এছাড়া সদর উপজেলায় ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকায় মাঠে গরু আনতে গিয়ে মারা গেছেন আব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর।


অন্যদিকে, নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুমিয়ারা বেগম (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। শিবগঞ্জের তিন পরিবারকে ইতোমধ্যে ২৫ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। 

3/related/default