আ.লীগের নেতার মেয়ের সঙ্গে ছাত্রদল নেতার বিয়ে, অতিথি জামায়াতের এমপি

নিজস্ব প্রতিনিধি

 

      

আবু তালিবকে অতিথি হিসেবে দেখা যাওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


বৃহস্পতিবার উপজেলার বগেরগাছি গ্রামে অনুষ্ঠিত ওই বিয়েতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, রাখালগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহর বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।


অনুষ্ঠানে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদেরও উপস্থিত থাকতে দেখা যায়। এ সময় সংসদ সদস্য আবু তালিবকে আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টু নিজ হাতে খাবার পরিবেশন করছেন— এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা প্রতিক্রিয়া শুরু হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৪ মার্চ কালীগঞ্জ মাহতাব উদ্দিন কলেজের পূর্ব গেট এলাকা থেকে শিবিরকর্মী শামীমকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে একই বছরের ১৩ এপ্রিল যশোর সদরের লাউখালী গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।


এ ঘটনায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর নিহত শামীমের বাবা রুহুল আমিন কালীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় মহিদুল ইসলাম মন্টুসহ ১২ জনের নাম উল্লেখ করে আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।


বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে আবু তালিব বলেন, “রাখালগাছি ইউনিয়নে আমার গ্রামের বাড়ি। সামাজিক সম্পর্কের কারণেই অনুষ্ঠানে গিয়েছি। মামলার ভুক্তভোগী পরিবার যেন সঠিক বিচার পায়, সে ব্যবস্থাও করা হবে।”

3/related/default