দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসি ভয়াবহ আর্থিক চাপে পড়েছে। ২০২৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংকটি ২৮৮ কোটি টাকা লোকসান গুনেছে। একইসঙ্গে খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি ও মূলধন সংকট সব মিলিয়ে ব্যাংকটির আর্থিক ভিত্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ব্যাংকটির প্রকাশিত প্রাইস সেনসিটিভ তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৭৯ পয়সা।
ইসলামী ব্যাংক বলছে, বিনিয়োগ বা ঋণ থেকে আয় কমে যাওয়া, আমানতের বিপরীতে ব্যয় বেড়ে যাওয়া এবং খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি এই তিন কারণেই ব্যাংকটি বড় ধরনের লোকসানে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই লোকসান কেবল একটি প্রান্তিকের দুর্বল পারফরম্যান্স নয় বরং, দীর্ঘদিনের অনিয়ম, গোপন ঋণ এবং দুর্বল ব্যবস্থাপনার জমে থাকা প্রভাব এখন দৃশ্যমান হয়ে উঠছে।

