২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে

 

 

তামান্না (ছাত্র কন্ঠ বিশেষ প্রতিনিধি): ২০২৭ খ্রিষ্টাব্দের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। প্রস্তাবিত এ সময়সূচি নিয়ে আলোচনা চলছে।

বুধবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেসভায় এসএসসি ও এইচএসসি এবং সমমানের পাবলিক পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে চলতি ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি থেকেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহের শুরুর দিকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এর আগে দেশের সবগুলো সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তাভাবনা করছি।

তবে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া বিষয়ে ভিন্নমতও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর এক শিক্ষক বলেন, বইয়ের সিলেবাস তো সারা দেশে একই। যদি শিক্ষার্থীরা সিলেবাস অনুযায়ী পড়াশোনা শেষ করে, তাহলে যেভাবেই প্রশ্ন করা হোক, তা পারার কথা। আর উত্তরপত্র আলাদা শিক্ষকেরা মূল্যায়ন করেন। এতে একই মান বজায় থাকবে কি না, তা বলা কঠিন!


সিকে/ছাত্র কন্ঠ/তামান্না

নবীনতর পূর্বতন