টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
ঈদের আনন্দ পরস্পরের মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্য নিয়ে চাপড়ী স্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ২০২৬’ শীর্ষক এক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ ২০২৬) মধুপুর জাতীয় উদ্যানে অবস্থিত চুনিয়া কটেজে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী ছিল পারস্পরিক ভাব বিনিময়, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। প্রকৃতির মনোরম পরিবেশে অংশগ্রহণকারীরা উপভোগ করেন এক ভিন্নধর্মী আনন্দঘন সময়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ছিল আন্তরিকতা ও ভালোবাসার উচ্ছ্বাস। বন্ধুদের মধ্যে দীর্ঘদিন পর দেখা হওয়ায় আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। একইসঙ্গে সিনিয়র-জুনিয়রদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় হয়। উপস্থিত পরিবার-পরিজন, বিশেষ করে শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি যারা বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারেননি, তাদের প্রতিও জানানো হয় সমবেদনা। অনুষ্ঠানের আহ্বায়ক মুহাম্মদ শামীম আল মামুন বলেন, এ ধরনের পারিবারিক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে, অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আয়োজনের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
