যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আরোপিত যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্রতর হচ্ছে, তারই মধ্যে বড় কূটনৈতিক সাফল্যের দাবি করেছে ইরান। দেশটি বলেছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাংলাদেশসহ ছয়টি দেশের জন্য খোলা থাকবে। পারস্য উপসাগরের সরু মুখ হিসেবে পরিচিত এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এই পথ কার্যত ইরানের নিয়ন্ত্রণে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী প্রণালিটি পুরোপুরি বন্ধ নয়।
রয়টার্সের প্রতিবেদনের কথা জানিয়ে এনডিটিভি বলেছে, আরাঘচি বলেছেন ‘অনেক জাহাজের মালিক বা যেসব দেশের মালিকানায় এসব জাহাজ রয়েছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের নিশ্চয়তা চেয়েছে। কিছু দেশকে আমরা বন্ধুসুলভ মনে করি, অথবা অন্য কারণে সিদ্ধান্ত নিয়েছি। এসব ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ পথ করে দিয়েছে।’
