চলতি মে মাসের প্রথম ৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৪৩ লাখ ডলার রেমিট্যান্স। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে এই আয় ছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
চলতি ২০২৫ অর্থবছরের জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৯ দশমিক ৫০ শতাংশ বেশি।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে কোনো একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

