কলেজের অধ্যক্ষ ও শিক্ষিকার অডিও ভাইরাল, সমালোচনার ঝড়

 


টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জ্বলের বিরুদ্ধে অশালীন কথোপকথনের অভিযোগে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির যুক্তিবিদ্যা বিভাগের এক নারী শিক্ষক ও অধ্যক্ষের মধ্যে ১৯ মিনিটের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


গতকাল রবিবার) কলেজ ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অধ্যক্ষের অপসারণসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানের জায়গা নয়; এটি নৈতিকতা ও মূল্যবোধ গঠনের ক্ষেত্র। সেখানে অধ্যক্ষ একজন অভিভাবকস্বরূপ।


কিন্তু সেই অভিভাবক যদি নিজেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন তবে তা প্রতিষ্ঠান ও শিক্ষাব্যবস্থার জন্য চরম লজ্জাজনক এবং হুমকিস্বরূপ। তারা আরও অভিযোগ করেন, এর আগেও অধ্যক্ষের বিরুদ্ধে নারীসংক্রান্ত একটি ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে সে সময় প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ওই তদন্তের প্রতিবেদন প্রকাশ পায়নি।


এছাড়াও একাধিক নারী শিক্ষক অভিযোগ করে বলেন, যে কোনো ছোটখাটো প্রশাসনিক বা একাডেমিক কাজের জন্য অধ্যক্ষের কাছে গেলে তিনি তাদের দীর্ঘ সময় ধরে নিজের কক্ষে বসিয়ে রাখেন যা তাদের জন্য অস্বস্তিকর ও অপেশাদার আচরণ বলে মনে হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।


এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জ্বলের বক্তব্য জানতে চাইলে তিনি সময় নির্ধারণ করে দেন। তবে নির্ধারিত সময়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাটির ওপর একটি প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

নবীনতর পূর্বতন